সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত বিদায়ী কালকিনি ইউএনও সাইফ উল আরেফীন

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত বিদায়ী কালকিনি ইউএনও সাইফ উল আরেফীন
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ (ছবি: সংগৃহীত)।

বি. এম. হানিফ, কালকিনি ও ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় উপলক্ষে কালকিনিতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কালকিনিতে দায়িত্ব পালনকালে সাইফ উল আরেফীন উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, নাগরিক সেবা সহজীকরণ এবং মাঠ প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সাথে তাঁর ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন বক্তারা।

পরে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনের হাতে যৌথ শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও সাইফ উল আরেফীন কালকিনিতে তাঁর কর্মকালের স্মৃতিচারণ করে বলেন, “কালকিনির মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে এখানকার সাংবাদিকসমাজ সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক কাজে গঠনমূলক সহযোগিতা প্রদান করেছে। সাংবাদিকদের এই সৌহার্দ্য ও ভালোবাসা আমার পেশাগত জীবনের পথচলায় স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে কালকিনি মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় জ্যেষ্ঠ এবং তরুণ সাংবাদিকরা উপস্থিত থেকে বিদায়ী অতিথির পরবর্তী কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন