নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ২৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের (কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স - সিএফএম) সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ভূরাজনীতি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। একই সাথে আন্তর্জাতিক ফোরামে একে অপরের সহযোগিতায় ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ও প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভাতৃপ্রতিম দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতিতে উভয় দেশের প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি, সরাসরি বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষা ও কূটনৈতিক অঙ্গনে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।
আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন ও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন যে, তুরস্কের আয়োজনে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আঙ্কারা সফর করবেন।
|