ঈদে যানজট ও চাঁদাবাজি বন্ধের দাবি শেরে বাংলা গবেষণা পরিষদের

ঈদযাত্রায় ভোগান্তি ও চাঁদাবাজির উপদ্রব রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
ঈদে যানজট ও চাঁদাবাজি বন্ধের দাবি শেরে বাংলা গবেষণা পরিষদের
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শের-ই-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আলোচনা সভা।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কের যানজট নিরসন এবং সব ধরনের চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানিয়েছে শের-ই-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। ‘সড়কে যানজট ও চাঁদাবাজি মুক্ত করতে সরকারের করণীয়’ শীর্ষক এই সভায় দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ একটি বলেন, "ঈদ এলেই সড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি ও চাঁদাবাজির উপদ্রব এক নির্মম বাস্তবতা হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে এখন থেকেই সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিদুর রশীদ ভূঁইয়া, বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ঈদুল আযহায় কোরবানির পশুবাহী ট্রাকসহ অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ওপর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ চাঁদাবাজি এই পরিস্থিতিকে আরও জটিল ও অসহনীয় করে তোলে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে সড়ককে চাঁদাবাজিমুক্ত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।

শের-ই-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক কবি অশোক ধর এবং সদস্য সচিব তানজিম ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এই আলোচনা সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন