গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে বিতর্কিতভাবে ভাইরাল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক সূত্র জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আসা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলা বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ওই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও কনটেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। তবে এই অব্যাহতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুসহ দেশের জনপ্রিয় বিভিন্ন শিল্পীদের গান পরিবেশন করে ফেসবুকে ট্রল ও সমালোচনার মুখে পড়েন।
|