মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সভায় সভাপতির বক্তব্যে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, চলতি বছরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ৩৯ হাজার ৩৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৪২৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৯৬০ জন শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে মাঠপর্যায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুকসুদপুরের কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিস্মদেব মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এ সময় মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন