চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ: চিকিৎসাধীন রাফির মৃত্যু

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ: চিকিৎসাধীন রাফির মৃত্যু
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) মারা গেছেন। আজ সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকালে রাফি শেষনিশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় পূর্বে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাটি এখন নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন দিবাগত রাত সোয়া ১টার দিকে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের অদূরে ইব্রাহিমপুর পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। এ সময় পূর্ববিরোধের জেরে তাঁর পরিচিত কয়েকজন তরুণ চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে ভারী ইট নিক্ষেপ করে। ইটের প্রচণ্ড আঘাতে রাফি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এই বর্বরোচিত ঘটনার পর রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন।

হত্যাকাণ্ডের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ (৩০), আনোয়ার হোসেন বাবু (৩২) ও মো. ফয়সাল ওরফে কালু (২৭)। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন