আজ থেকে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
আজ থেকে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

অনলাইন ডেস্ক: রেগুলার টিকাদান কর্মসূচি থেকে নানা কারণে বাদ পড়ে যাওয়া শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বিতীয় দফার বিশেষ ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

এ কর্মসূচির অধীনে দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেছে সরকার।

শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির (GAVI) সহযোগিতায় পরিচালিত গত এপ্রিল-মে মাসের টিকাদান অভিযানে ১ কোটি ৮০ লাখ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ১০৪ শতাংশ সাফল্য অর্জিত হয়েছিল। পরবর্তীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন পরিচালনাকালে দেখা যায়, নিয়মিত তালিকা থেকে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। এরপর 'মপ-আপ' কর্মসূচি চালিয়ে ১৯ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়। অবশিষ্ট ২৪ লাখ শিশু এবং গত তিন মাসে ৬ মাস পূর্ণ হওয়া আরও ১০ লাখ নতুন শিশু—সব মিলিয়ে ৩৪ লাখ শিশুর জন্য এই বিশেষ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করতে গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের মাধ্যমে নতুন করে ৪৩ লাখ ডোজ হামের টিকা দেশে আনা হয়। পূর্বের ১৫ লাখসহ বর্তমানে স্বাস্থ্য বিভাগের হাতে সর্বমোট ৫৮ লাখ ডোজ টিকা মজুত রয়েছে, যা চাহিদা মেটাতে পুরোপুরি সক্ষম।

মন্তব্য করুন