ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ জেলা পরিষদের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ
ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ জেলা পরিষদের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
কিশোরগঞ্জ জেলা পরিষদে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিচ্ছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ও অন্যান্য কর্মকর্তারা (ছবি: সংগৃহীত)।

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ সফলভাবে প্রতিরোধ এবং জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় এই জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোছা. মোস্তারী কাদেরী, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযানের মূল অংশ হিসেবে জেলা পরিষদ প্রাঙ্গণ ও এর আশপাশের বিভিন্ন কোণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে মশার লার্ভা ধ্বংসে ফগ মেশিনের মাধ্যমে কার্যকর মশানিরোধক ওষুধ ছিটানো হয়। বিশেষ করে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান নিজে হাতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে উপস্থিত সবাইকে উৎসাহিত করেন।

কর্মসূচি শেষে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমি, আমরা সকলেই যদি ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হই, তবেই আমরা ডেঙ্গু প্রতিরোধে শতভাগ সফল হব। নিজেদের বাড়িঘরের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং কোথাও যেন জমাজল বা পানি জমতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখলে এই সংকট মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে।”

তিনি ডেঙ্গুর মতো মারাত্মক রোগ প্রতিরোধে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে সর্বোচ্চ সচেতনতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন