চট্টগ্রামে ১০০০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ করছে সিআইএমসি
চট্টগ্রাম ব্যুরো: নগরের চান্দগাঁওয়ে আন্তর্জাতিক মানের ১০০০ শয্যাবিশিষ্ট সুবিশাল হাসপাতাল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবার তীব্র ঘাটতি দূরীকরণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মহসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ৫০০ শয্যার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালটি ২১টি বিভাগের মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। যেখানে প্রতিদিন বহির্বিভাগে সাড়ে সাতশর মতো রোগী সেবা নিচ্ছেন এবং মোট রোগীর ১০ শতাংশ সম্পূর্ণ বিনামূল্যে সেবা পেয়ে থাকেন। তবে শয্যা স্বল্পতার কারণে বাধ্য হয়ে অনেক রোগীকে অন্তর্বিভাগে ভর্তি না করে ফেরত পাঠাতে হচ্ছে। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালেও সাধারণ মানুষের শয্যা সংকট নিত্যদিনের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রাথমিক নকশা ও নথিপত্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
বক্তারা উল্লেখ করেন, সাধারণ মানুষ যেন সাশ্রয়ী খরচে উন্নত ও মানবিক চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন এই অবকাঠামো গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক শিক্ষা স্বীকৃতি সংস্থা বিএমইএসি’র মূল্যায়নে দেশের শীর্ষ আটটি মানসম্পন্ন মেডিকেল প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে সিআইএমসি। অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা