সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

বিশেষ প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের আল-কাসিম শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁর বাইসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানেন তিনি।

মাসুদের এই অকালমৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও নিজ গ্রাম আহাম্মদপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা