হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে আপিল প্রসিকিউশনের

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে আপিল প্রসিকিউশনের

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছে প্রসিকিউশন।

আজ সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালের দেওয়া সাজার রায় পুনর্বিবেচনা ও তা সংশোধন করে ইনুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আপিল আবেদন জমা দেওয়া হয়।

এর আগে জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাসদ প্রধান হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। তবে এই রায় ঘোষণার পর থেকেই সাজা অপর্যাপ্ত বিবেচনা করে উচ্চ আদালতে আপিল দায়েরের প্রস্তুতি নিচ্ছিল প্রসিকিউশন দল।

আপিল আবেদনে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি, অপকর্মের তীব্রতা এবং অপরাধের সার্বিক গুরুত্ব বিবেচনায় ট্রাইব্যুনাল প্রদত্ত ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। এতে ন্যায়বিচার পূর্ণতা পায়নি উল্লেখ করে তারা ইনুর সাজা সংশোধনপূর্বক মৃত্যুদণ্ড বাস্তবায়নে উচ্চ আদালতের চূড়ান্ত হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।