৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: ভুয়া কাগজপত্র তৈরি ও জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংকের ঋণ তুলে প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ চার আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া চার আসামি হলেন—ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার সাবেক ম্যানেজার মেহেদী জামান খান, সাবেক প্রিন্সিপাল অফিসার আয়েশা সাদাফ হুসাইন, লিটন চৌধুরী ওরফে মো. ইব্রাহিম খলিল এবং জামিল শরীফ ওরফে মো. আল আমীন।
মামলার বিবরণ ও দুদকের পক্ষ থেকে আবেদনকারী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া এনআইডি ও ফ্ল্যাটের ভুয়া দলিল তৈরি করে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করেন। পরবর্তীতে সংগৃহীত ৮৫ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও হস্তান্তর করে আত্মসাৎ করার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য সক্রিয় চেষ্টা চালাচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বজায় রাখার স্বার্থে আসামিদের বিদেশ গমন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন ছিল।