গাজর কাঁচা নাকি রান্না, কোনটিতে বেশি পুষ্টি?

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
গাজর কাঁচা নাকি রান্না, কোনটিতে বেশি পুষ্টি?
কাঁচা ও রান্না করা গাজর এবং স্বাস্থ্যকর খাবারের থালা।

জীবনযাপন ডেস্ক: গাজর চোখের জন্য উপকারী—এ তথ্য সবারই চেনা। বিটা-ক্যারোটিনে ভরপুর এই সবজি দৃষ্টিশক্তি ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বক সুন্দর রাখতে অনন্য ভূমিকা রাখে। তবে গাজর কেবল খেলেই হবে না, কীভাবে খাওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে শরীর কতটুকু পুষ্টি শোষণ করতে পারছে।

সাধারণ ধারণায় মনে হতে পারে কাঁচা গাজরই সবচেয়ে গুণসম্পন্ন, তবে পুষ্টিবিদ ও গবেষকদের মতে—হালকা রান্না করা গাজর থেকে শরীর অনেক বেশি বিটা-ক্যারোটিন শোষণ করতে পারে।

ভারতের জ্যেষ্ঠ ডায়েটিশিয়ানদের মতে, কাঁচা গাজরের কোষ প্রাচীর বেশ শক্ত থাকে। ফলে কাঁচা অবস্থায় খেলে শরীর এর বিটা-ক্যারোটিনের মাত্র ৩ শতাংশের মতো শোষণ করতে পারে। কিন্তু ভাপে, হালকা বেক করে বা অল্প তাপে রান্না করলে গাজরের শক্ত কোষ প্রাচীর ভেঙে যায়, যা ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিকে শরীর সহজে গ্রহণ করতে সাহায্য করে।

এছাড়া বিটা-ক্যারোটিন হলো চর্বিতে দ্রবণীয় (Fat-soluble) উপাদান। অর্থাৎ এটি শরীরে সঠিকভাবে শোষিত হতে সামান্য স্বাস্থ্যকর ফ্যাট বা তেলের উপস্থিতি জরুরি। তাই ভাপে সিদ্ধ বা হালকা রোস্ট করা গাজরের সঙ্গে সামান্য অলিভ অয়েল বা তেল যোগ করলে পুষ্টির গ্রহণযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি পায়।

কারো যদি কাঁচা গাজরের সালাদই বেশি পছন্দ হয়, তবে সালাদের ওপর অল্প অলিভ অয়েল, অ্যাভোকাডো বা স্বাস্থ্যকর বীজ ছড়িয়ে দেওয়া যেতে পারে। সংক্ষেপে বলতে গেলে, অতি-রান্না এড়িয়ে সামান্য তাপে ও স্বাস্থ্যকর ফ্যাট সংযোগেই পাওয়া যাবে গাজরের পূর্ণাঙ্গ পুষ্টিগুণ।

মন্তব্য করুন