কুমিল্লায় জোড়া হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরের বাদশা মিয়া বাজার এলাকা থেকে প্রথমে হনুফা বেগম ও ইতি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে মূল আসামি মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।
উল্লেখ্য, দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যায় মুরাদনগরে খালেদা আক্তার (৭০) ও তাঁর ভাতিজা মনজুরুল আলম তুতুকে (৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাঁদের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আসামিদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা