দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের বিয়ের পিঁড়িতে সুরিয়া-জ্যোতিকা

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের বিয়ের পিঁড়িতে সুরিয়া-জ্যোতিকা

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও আদর্শ তারকা দম্পতি সুরিয়া এবং জ্যোতিকা। পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের বাঁধন—দেখতে দেখতে একসঙ্গে সংসার জীবনের বিশটি বছর পার করে ফেললেন এই জুটি। বিশেষ এই ২০ বছর পূর্তিতে রাজকীয় আয়োজনে পুনরায় বিয়ের শপথ (Wedding Vows) নিয়ে নিজেদের ভালোবাসা উদযাপন করলেন তাঁরা।

সম্প্রতি সন্তান, নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এক চার্চের ফাদারের মাধ্যমে নতুন করে বিয়ের শপথবাক্য পাঠ করেন সুরিয়া ও জ্যোতিকা। বিশেষ এই পুনর্বিবাহের মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে তাঁরা ক্যাপশনে দিয়েছেন 'দ্য সিক্যুয়েল'।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করে আবেগঘন এক বার্তায় জ্যোতিকা লেখেন, "আমাদের ভালোবাসা ও চড়াই-উতরাইয়ের ২০ বছর উপলক্ষে নিজেদের সম্পর্কের প্রতিশ্রুতিগুলো আবারও নতুন করে ঝালিয়ে নিলাম। এটি কোনো নিখুঁত উদযাপনের গল্প নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, মানিয়ে নেওয়া, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার এক দারুণ বহিঃপ্রকাশ।"

তাঁদের এই রূপকথার মতো পুনর্বিবাহের ভিডিও পোস্ট হতেই নেট দুনিয়ায় ঝড় তোলে। মাত্র ১৯ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে ৬ কোটি ১০ লাখেরও বেশি। আর মাধবন, কাজল আগারওয়াল, জেনেলিয়া দেশমুখ, সোনাক্ষী সিনহাসহ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা তাঁদের নতুন করে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমার শুটিং সেটে সুরিয়া ও জ্যোতিকার প্রথম পরিচয় ও বন্ধুত্বের সূচনা। এরপর ২০০৩ সালে ‘কাখা কাখা’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাঁদের প্রেম পরিণতি পায়। পরবর্তীতে ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকাদ্বয়। ব্যক্তিগত জীবনে তাঁদের দুই সন্তান—মেয়ে দিয়া এবং ছেলে দেব রয়েছে। বর্তমানে অভিনয় দক্ষতার পাশাপাশি যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনার কাজও পরিচালনা করছেন এই সফল দম্পতি।

মন্তব্য করুন