হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি, বাড়ছে আস্থা
বাসস: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দীর্ঘদিনের জমে থাকা মামলাজট নিরসনে পরিচালিত বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই নজিরবিহীন পদক্ষেপে বিচারপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, "মামলাজট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি প্রধান চ্যালেঞ্জ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সুনির্দিষ্ট নির্দেশনায় হাইকোর্ট বিভাগে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১২ কার্যদিবসে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির এ অর্জনে বিশেষ করে একদিনেই ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয়।"
তিনি আরও যোগ করেন, "মামলাজট কমাতে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সম্মানীয় বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার সহজ ও দ্রুত করতে এ ধরনের গতিশীল পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই কার্যক্রমে সব ধরনের পূর্ণ সহযোগিতা বজায় থাকবে।"
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিদের দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরনো ক্রিমিনাল মিস ও পুরনো রিট মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু করা হয়।
তিনি জানান, গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই রেকর্ড ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরনো ক্রিমিনাল মিস মামলা এবং পুরনো রিট মামলা মিলিয়ে সর্বমোট ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তির কাজ সফলভাবে সম্পন্ন করা হলো।
বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
|