সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সুন্দরবনকেন্দ্রিক বনজীবীদের কাছ থেকে চাঁদাবাজি, বনদস্যুদের সঙ্গে যোগসাজশ এবং সাংবাদিকতার পরিচয় ভাঙিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা জি এম ইয়াসিন আরাফাত এবং মেহেদী হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার (৫ অক্টোবর) গাবুরায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী ও বনজীবীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গাবুরা ইউনিয়নের অধিকাংশ মানুষ সুন্দরবনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু চিহ্নিত এই চক্রটি বনদস্যুদের সঙ্গে আঁতাত করে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছ থেকে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। চাঁদার টাকা বনদস্যুদের সঙ্গে ভাগাভাগির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

বক্তারা আরও জানান, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম বিল্লাল হোসেন ও তাঁর ছেলে ছাত্রলীগ নেতা জি এম ইয়াসিন আরাফাত রাজনৈতিক পরিচয় বদলে নতুন প্ল্যাটফর্মের আড়ালে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। অন্যদিকে মেহেদী হাসান ও ইয়াসিন আরাফাত সাংবাদিক পরিচয় ব্যবহার করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইল করছেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে এসব চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ দ্রুত সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবননির্ভর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।

এআইএল/সকালবেলা