মৌলভীবাজার হাসপাতাল থেকে নারী চোরচক্রের ৫ সদস্য আটক
সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের টার্গেট করে চুরির সময় ব্রাহ্মণবাড়িয়ার সংঘবদ্ধ নারী চোরচক্রের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে স্থানীয় রোগী ও স্বজনেরা তাঁদের আটক করেন।
আটককৃতরা হলেন—আসমা খাতুন, তানজিলা, তানিয়া, নাসিমা এবং অন্য একজন। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি বহির্বিভাগে সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের লাইনে তাঁদের সন্দেহজনকভাবে ঘুরতে দেখে রোগী ও স্বজনরা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে স্বীকার করেন যে, সংঘবদ্ধভাবে ভ্যানিটি ব্যাগ, টাকা ও মোবাইল চুরির উদ্দেশ্যেই তাঁরা ভিড়ের মধ্যে অবস্থান করছিলেন। ওই সময় তাঁদের কারও কাছে চিকিৎসাসেবা নেওয়ার কোনো টিকিট ছিল না।
পরে স্থানীয় জনতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আটক পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং রোগীদের ভিড়ের স্থানে নিজস্ব মালামাল সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা