বোচাগঞ্জে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বোচাগঞ্জে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন 'বৃহত্তর দিনাজপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর আওতায় ৫টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রায় ৮.৯৭ কিলোমিটার দীর্ঘ এই উন্নয়ন কার্যক্রম উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন ও ৩নং মুশিদহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত হবে। এর আওতায় সুলতানপুর টংকের বাড়ি হতে টেনা বদির বাড়ি (১৬৬০ মিটার), টেনা সড়কে দারাজের বাড়ি হতে কাঞ্চণের বাড়ি (১৮০০ মিটার), সেনিহারি ফার্ম হতে টেনা জিপিএস (২০০০ মিটার), দিঘড়ী হতে বগুলাডাঙ্গী (২০৬০ মিটার) এবং রতনদা হতে ছোট সুলতানপুর (১৪৫০ মিটার) সড়কগুলোর পাকাকরণ কাজ সম্পন্ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, "গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব সড়কের কাজ শেষ হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নত হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, এলজিইডি উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসীর মতে, এই রাস্তাগুলো পাকাকরণ হলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন