সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। দক্ষিণ লেবাননে সংবাদকর্মীদের লক্ষ্য করে চালানো এই পরিকল্পিত হামলার প্যাটার্নকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিশানা করা, উদ্ধারকারী দলকে তাদের কাছে পৌঁছাতে বাধা দেওয়া এবং পরবর্তীতে একই স্থানে পুনরায় হামলা চালানো ইসরায়েলের একটি নিয়মিত ও নথিবদ্ধ কৌশলে পরিণত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "দক্ষিণ লেবাননে সাংবাদিকদের ওপর হামলা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত অপরাধ।"

রেড ক্রসের তথ্য অনুযায়ী, বুধবার দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় লেবাননের প্রখ্যাত সাংবাদিক আমল খলিল নিহত হন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী আমল খলিল এবং তার সহকর্মী জয়নব ফারাজকে ঘিরে ফেলে এবং রেড ক্রস ও লেবাননের সেনাবাহিনীকে তাদের উদ্ধারে বাধা দেয়। জয়নব ফারাজকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননের বিরুদ্ধে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ২,২০০-এর বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ১৬ এপ্রিল মার্কিন মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও হামলা ও এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘোষণা করেছেন যে, লেবানন এই অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোতে লড়াই চালিয়ে যাবে।

সূত্র: টিআরটি উর্দু।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন