গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন আক্রমণাত্মক স্লোগান দেন। এসময় তাদের ‘গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘একশন টু একশন ডাইরেক্ট একশন’ এবং ছাত্রশিবির বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “২০১৪ সালের পর থেকে এই গুপ্ত বাহিনীকে আর দেখা যায়নি। এখন তারা নামে-বেনামে বিভিন্ন সংগঠন দখল করছে। আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত পরিচয়ে করবেন না। আপনাদের কর্মীদের থামান, নয়তো কাল থেকে পরিস্থিতি খারাপ হবে।” তিনি আরও জানান, এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদল কঠোর হবে।

শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক তার বক্তব্যে বলেন, “জিয়া পরিবারকে নিয়ে কোনো অশ্লীলতা বরদাশত করা হবে না। আমরা প্রয়োজনে আইন হাতে তুলে নিতে বাধ্য হবো।” সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “গুপ্তদের জবাব দেওয়ার জন্য ছাত্রদল সর্বদা প্রস্তুত। আপনাদের ফয়সালা রাজপথেই হবে।”

বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। আমাদের হাত খুলে দিন, আমরা অনেক ধৈর্য ধরেছি।” তারা আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন