ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: উত্তরাঞ্চলের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে বগুড়ায় অনুষ্ঠিত ‘বিডিজবস চাকরি ও ক্যারিয়ার মেলা-২০২৬’। দুই দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৬৫ হাজার চাকরিপ্রত্যাশী তাদের আবেদন জমা দিয়েছেন, যা মেলাটিকে কেবল একটি আয়োজন নয় বরং স্বপ্নের উৎসবে পরিণত করেছে।
বগুড়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় দেশের স্বনামধন্য ৮২টি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে এবং অনেককে তাৎক্ষণিকভাবে পরবর্তী ধাপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত (শর্টলিস্ট) করা হয়। চাকরিপ্রার্থীরা এক ছাদের নিচে এতগুলো বড় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিডিজবস ডটকমের মার্কেটিং ও সেলস বিভাগের পরিচালক প্রকাশ বারই বলেন, “দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। এখানে প্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সাথে কথা বলতে পারছেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বাজারে একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও ইতিবাচক মনোভাবই প্রার্থীদের এগিয়ে রাখছে।
মেলার পাশাপাশি আয়োজিত ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনারগুলোতে সিভি লেখার নিয়ম, ইন্টারভিউ কৌশল এবং পেশাগত দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন।
বিপুল এই সাড়া দেখে আয়োজকরা আশা করছেন, এ ধরনের জেলাভিত্তিক আয়োজন দেশের বেকারত্ব দূরীকরণে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ