মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিনজনকে প্রত্যাহার

মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিনজনকে প্রত্যাহার

মোঃ দুলাল সরকার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগে নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি এবং ভুল তথ্য প্রচারের অভিযোগে সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিনজনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এই নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রত্যাহারকৃতরা হলেন— মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমান।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মাঝে ভুল তথ্য প্রচার করা হয়েছে, যার দায়ভার বর্তায় হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর। এছাড়া সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দারের বিরুদ্ধে দীর্ঘকাল কর্মস্থলে অনুপস্থিতি ও প্রশাসনিক গাফিলতির প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে, স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিও গণমাধ্যমে প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ ছিল দীর্ঘদিনের।

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শেষে বলেন, "স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ভুল তথ্য বরদাশত করা হবে না। মানুষের সেবা নিশ্চিত করতে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

দীর্ঘদিন পর স্বাস্থ্য বিভাগের অনিয়মের বিরুদ্ধে এমন সরাসরি অ্যাকশনে জেলাবাসী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের অপসারণের দাবিতে জেলায় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন