মোরেলগঞ্জে পতিত জমিতে মুগ চাষে বিপ্লব

মোরেলগঞ্জে পতিত জমিতে মুগ চাষে বিপ্লব

আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে পতিত জমিতে মুগ ডাল চাষ করে স্বল্প খরচে অধিক লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। মাত্র তিন সপ্তাহ পরেই ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা চাষিরা বিঘা প্রতি ৫ থেকে ৬ মণ ফলন পাবেন বলে আশা করছেন।

উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের পূর্ব চর হোগলাবুনিয়া গ্রামে এ বছরই প্রথমবার ১১ বিঘা পতিত জমিতে ১০ জন চাষি শীতকালীন মুগ ডালের চাষ করেছেন। এক সময় এসব জমিতে শুধু আমন ধান হতো এবং বছরের বাকি সময় জমি পড়ে থাকতো। এ বছর কৃষি অফিসের প্রণোদনা ও সহায়তায় মুগ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষকরা।

চাষিরা জানান, বিঘা প্রতি সেচ, সার ও ওষুধসহ মোট ৫ হাজার টাকা খরচ করে মাত্র দুই মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করা সম্ভব। স্থানীয় কৃষক মোস্তফা হাওলাদার ও কামাল হাওলাদার বলেন, “আগে বুঝতে পারলে জমি ফেলে রাখতাম না। কৃষি অফিস থেকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার পেয়েছি। ফলন খুবই ভালো হয়েছে, আশা করছি মণ প্রতি ৪ হাজার টাকা দরে বিক্রি করতে পারব।”

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোরেলগঞ্জে ২৭৫ হেক্টর জমিতে শীতকালীন মুগ চাষ হয়েছে। এর মধ্যে হোগলাবুনিয়া, বলইবুনিয়া, চিংড়াখালী ও পুটিখালীতে চাষাবাদ সবচেয়ে বেশি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষকদের আগ্রহ এবং সরকারের প্রণোদনার কারণেই পতিত জমিতে এই সাফল্য সম্ভব হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, “উপজেলায় তিন ফসলি জমি রূপান্তরের পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আশা করছি আগামী বছরগুলোতে মুগ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন