ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এখন পর্যটন নগরী কক্সবাজারে। তবে কেবল সমুদ্র দর্শন নয়, এবার তিনি সেখানে গিয়েছেন ‘মনের মানুষ’ খুঁজতে। জীবনসঙ্গী খুঁজে পেলে সেখানেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে সমুদ্রসৈকতে খোশমেজাজে ঘুরে বেড়াতে দেখা যায়। মজার ছলে হিরো আলম বলেন, "মনের মানুষ খুঁজতে কক্সবাজারে চলে এসেছি। যদি পছন্দমতো কাউকে পেয়ে যাই, তবে বিয়ে করব। কক্সবাজারে এত সুন্দর পরিবেশ, এত মানুষের আনাগোনা। ভাবলাম ভাগ্যে থাকলে এখান থেকেই হয়তো জীবনসঙ্গী পেয়ে যাব।"
নতুন ওয়েব সিরিজ ‘২১ দিন জেল খাটার গল্প’: কেবল ব্যক্তিগত ভ্রমণ নয়, কক্সবাজার সফরের পেছনে কাজের উদ্দেশ্যও রয়েছে তাঁর। জানা গেছে, নিজের জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন হিরো আলম। কিছুদিন আগে ২১ দিন কারাভোগের পর মুক্তি পান তিনি। সেই জেল জীবনের অজানা গল্প, কারাগারের ভেতরের বাস্তব চিত্র এবং বন্দিদের জীবনসংগ্রাম নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ।
হিরো আলম বলেন, "সাধারণ মানুষ কারাগারের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি জানেন না। ভেতরের প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে কাটে, তা এই সিরিজে তুলে ধরা হবে। জেলের রুটিন থেকে শুরু করে রাতের পরিবেশ—সবকিছুই দর্শকরা এখানে দেখতে পাবেন।" বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজে তাঁর নিজের অভিজ্ঞতার পাশাপাশি কারাগারের নানা চরিত্র ও ঘটনার প্রতিফলন থাকবে বলেও তিনি জানান।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ