সওজ ও পৌরসভার দ্বন্দ্ব: উল্লাপাড়ায় ইজারা কার্যক্রম বন্ধ

সওজ ও পৌরসভার দ্বন্দ্ব: উল্লাপাড়ায় ইজারা কার্যক্রম বন্ধ

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে সড়ক ইজারা ও যানবাহন থেকে পার্কিং ফি (রোড ড্যামেজ) আদায়কে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সড়ক পৌরসভা কর্তৃক ইজারা দেওয়ার অভিযোগে দুই সংস্থার মধ্যে চরম দ্বন্দ্ব ও জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ইজারা দেওয়া হয়। ইজারাদার মো. জাফর ইকবাল এসব সড়কে যানবাহন থেকে ফি আদায় করে আসছিলেন। তবে সম্প্রতি অভিযোগ ওঠে, সংশ্লিষ্ট সড়কগুলো সওজ বিভাগের হওয়ায় পৌরসভার এই ইজারা দেওয়ার কোনো আইনগত এখতিয়ার নেই।

পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েই এই ইজারা দেওয়া হয়েছে। তবে সিরাজগঞ্জ সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল এই দাবি সরাসরি নাকচ করে বলেন, “উল্লাপাড়া পৌরসভাকে এ ধরনের কোনো ইজারার অনুমতি সওজ থেকে দেওয়া হয়নি।”

বিষয়টি নিয়ে ধোঁয়াশা ও বিতর্কের সৃষ্টি হলে গত ১৮ এপ্রিল ২০২৬ থেকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং পৌর প্রশাসক (ইউএনও) এটিএম আরিফ সব ধরনের পার্কিং ফি আদায় বন্ধের ঘোষণা দেন। বর্তমানে এই এলাকায় ইজারা কার্যক্রম স্থগিত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুরো প্রক্রিয়ার পেছনে পৌর সচিবের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা কাজ করেছে। প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা ভোগান্তির শিকার হয়েছেন। দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন