এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

 সাবেক তুখোড় ছাত্রদল ও যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার নতুন রাজনৈতিক ঠিকানায় যোগ দিচ্ছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন এবং সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, তিনি শিগগিরই ‘জাতীয় নাগরিক পার্টিতে’ (এনসিপি) যোগ দিচ্ছেন। এমনকি দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতির দায়িত্বও তাঁর কাঁধে আসতে পারে বলে জোর আলোচনা চলছে।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ইসহাক সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দলবদলের কারণ স্পষ্ট করেছেন। বিএনপির সাবেক এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জানান, দীর্ঘ ২৭ বছর রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের পর বর্তমানে তিনি নিজ দলে চরম অবহেলার শিকার। তিনি অভিযোগ করেন, "আমাকে দল থেকে ন্যূনতম সহানুভূতি দেওয়া হচ্ছে না। এমনকি আমার অফিস পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে, যার কোনো বিচার পাইনি।"

ইসহাক সরকার আরও বলেন, "ক্ষমতায় আসার পর আমাদের সাথে কেন এমন বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে তা নিতে পারছি না। আমাকে তো রাজনীতি করতে হবে এবং জনগণের সেবা করার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার।" উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। গত নির্বাচনে 'ফুটবল' প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তরুণ ও বহিষ্কৃত নেতাদের নিয়ে গঠিত এনসিপিতে তাঁর অন্তর্ভুক্তি রাজধানীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন