এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় জামায়াত আমিরের বিশেষ দোয়া
আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মানসিক সুস্থতা কামনা করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে লিখেন, "এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।" তিনি আরও প্রার্থনা করেন যেন আল্লাহ তা'আলা প্রতিটি শিক্ষার্থীকে সুস্থতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের তৌফিক দান করেন।
উল্লেখ্য, এ বছর সারাদেশে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। দেশের এই বড় পাবলিক পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা বিরাজ করছে।
জান্নাত/সকালবেলা