লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩০৩, সুর বদলেছে অস্ট্রিয়া

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩০৩, সুর বদলেছে অস্ট্রিয়া

‘আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে। গত বুধবার দেশজুড়ে চালানো বিমান হামলায় অন্তত ৩০৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আহত হয়েছেন ১ হাজার ১৫০ জনেরও বেশি মানুষ। গত ২ মার্চ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবারের দিনটি ছিল অন্যতম রক্তক্ষয়ী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে এখনো তল্লাশি অভিযান চলছে এবং অনেক মরদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১ হাজার ৮৮৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৬ হাজার ৯২ জন জখম হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সুর পাল্টেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ অস্ট্রিয়া। সাধারণত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক মনে করা হয় তাদের। তবে লেবাননের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে অবিলম্বে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

অস্ট্রিয়ার পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে, লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। বেসামরিক অবকাঠামো ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা এই সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। আন্তর্জাতিক মহলে অস্ট্রিয়ার এই অবস্থান পরিবর্তন ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন