সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো ১৫০ আসন

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো ১৫০ আসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদের গ্যালারিতে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫০টি আসনের সঙ্গে আরও ১০০টি আসন যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের প্রেক্ষিতে স্পিকার এই বরাদ্দ মঞ্জুর করেন।

শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাবে; যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় রীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে পরিচিত করে তুলবে।

এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারের আয়োজন করতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনীতি সচেতন হয়ে গড়ে উঠুক।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ ভবন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন