ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লিওন আহমেদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে হত্যা মামলা তুলে না নেয়ায় বাদী মাজেদ শরিফসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— মামলার বাদী মাজেদ শরিফ, শহীদুল শরিফ, আসমা বেগম ও সাবিনা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর একই গ্রামের ইয়াসিন খালাসি ও রায়হান শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় মাজেদ শরিফ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি বাদশা শরিফ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মামলাটি তুলে নেওয়ার জন্য মাজেদ শরিফকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার দুপুরে বাদশা শরিফের নেতৃত্বে রিগান শরিফ, আলমগীর শরিফ, স্বপন শরিফসহ একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে মাজেদ ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে।
গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান: "খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আহত মাজেদ শরিফ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ