সাবেক স্পিকার শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক স্পিকার শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ প্রদান করেন।

এদিন দুপুরে সাবেক এই স্পিকারকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে শিরীন শারমিনের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। আদালত উভয় পক্ষের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অন্যতম 'কুশীলব' ছিলেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। উক্ত হামলায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার তদন্ত সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন