ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুষ্টিয়া প্রতিনিধি: ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের রবীন্দ্র-লালন উদ্যানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুটি ফুলের চারা রোপণ করে কার্যক্রমের সূচনা করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে ২৫ হাজার গাছ লাগানো হবে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম এবং সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এছাড়া অনুষ্ঠানে পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লা জুয়েল ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রাজুসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ