এবার পরীক্ষায় নকল হবে না: ময়মনসিংহে শিক্ষামন্ত্রী

এবার পরীক্ষায় নকল হবে না: ময়মনসিংহে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "সরকার চাইলে পরীক্ষা কেন্দ্রে নকল বন্ধ করা সম্ভব এবং এবার পরীক্ষায় কোনোভাবেই নকল হতে দেওয়া হবে না।" 

সোমবার (৬ এপ্রিল ২০২৬) ময়মনসিংহের টাউন হলে শিক্ষা বোর্ড ও কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনটি বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। এই আইন দ্রুত সংশোধন করে এতে 'ডিজিটাল নিরাপত্তা' সংক্রান্ত ধারা যুক্ত করা হবে। তিনি বলেন: "নকলের জন্য শুধু ছাত্র বা শিক্ষককে শাস্তি দিলে হবে না, কেন্দ্র পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাথরুমে বা বেঞ্চের নিচে নকল লুকিয়ে রাখা কর্তৃপক্ষের অবহেলা ছাড়া সম্ভব নয়। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতাকর্মী যদি নকল সরবরাহে লিপ্ত থাকে, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না।"

বিকেল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অন্য এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা যেন নির্দিষ্ট শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা চলছে। বর্তমান ব্যবস্থায় অতিরিক্ত ৬ মাস সময় নষ্ট হয়, যা কমিয়ে আনতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা চলছে।

সারাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একদিন অনলাইন ও একদিন অফলাইন (সশরীরে) ক্লাস চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে মন্ত্রী স্পষ্ট করেন যে, এই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও তা কেবল মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য প্রযোজ্য হতে পারে।

পরিদর্শন শেষে মন্ত্রী ঘোষণা করেন যে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করবে সরকার।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন