কুমিল্লা নামেই বিভাগের দাবি তুললেন জাতীয় সংসদের সভাপতি

কুমিল্লা নামেই বিভাগের দাবি তুললেন জাতীয় সংসদের সভাপতি

অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষিত কুমিল্লা বিভাগ যেন ‘কুমিল্লা’ নামেই বাস্তবায়ন করা হয়, জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি এবং কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই জোরালো দাবি উত্থাপন করেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক জেলা। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে এই জেলা সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বাস্তবতায় কুমিল্লাকে বিভাগ করার প্রক্রিয়া অনেক আগে শুরু হলেও নামের মারপ্যাঁচে তা আটকে ছিল।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন: "বিগত স্বৈরাচারী সরকার কুমিল্লা নামে বিভাগ না করার জন্য অদ্ভুত সব অজুহাত দিয়েছিল। তারা বলেছিল, কুমিল্লার নামে ‘কু’ শব্দটি নাকি খারাপ। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ কুমিল্লার মানুষ দল-মত নির্বিশেষে নিজেদের জেলার নামেই বিভাগ চায়।"

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে কুমিল্লা বিভাগকে "ময়নামতি" এবং ২০২২ সালে "মেঘনা" নামে করার প্রস্তাব দিয়েছিল। সে সময় কুমিল্লার সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন রাজপথে নেমে এই নামকরণের তীব্র প্রতিবাদ জানায়। জনরোষের মুখে তৎকালীন সরকার বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য ও বর্তমান সংসদ সভাপতি বলেন, কুমিল্লার মানুষের প্রাণের দাবিকে সম্মান জানিয়ে অবিলম্বে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি বর্তমান সরকারকে জনগণের এই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দ্রুত পূরণের আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন