ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরে অবস্থিত মেসার্স খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেলের অপেক্ষায় পাম্প চত্বরে শত শত মোটরসাইকেল চালকের ভিড় জমেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত কয়েকদিন ধরেই ঘোড়াঘাট এলাকায় জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে থেকে প্রধান সড়ক পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন পৌঁছে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল মিলছে না।
ভোগান্তিতে পড়া মোটরসাইকেল চালকরা জানান, এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে ছুটছেন তারা। পৌর সদরের প্রধান এই পাম্পটিতে তেল সংকটের কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসায়িক যাতায়াতে মারাত্মক ব্যাঘাত ঘটছে। অনেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন:
“দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। এতে আমাদের সময় ও শ্রম দুই-ই বৃথা যাচ্ছে। জরুরি কাজে বের হয়েও তেলের অভাবে মাঝপথে আটকে থাকতে হচ্ছে।”
জ্বালানি সংকটের বিষয়ে পাম্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, মূল ডিপো থেকেই তেলের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তারা চাহিদামত তেলের বরাদ্দ পাচ্ছেন না। কর্তৃপক্ষ জানায়, ওপর মহলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় পর্যায়ে এই সংকট কাটানো সম্ভব নয়।
জ্বালানি তেলের এই আকস্মিক সংকটে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা। দ্রুত এই সমস্যার সমাধান করে তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ