ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা ও ঘের মালিক পক্ষের নির্যাতনে ওই ব্যক্তির হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
আহত আব্দুস শুকুর মৃধা মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শোলাবাড়িয়া গ্রামের ঘের মালিক লিয়াকত মুন্সী দাবি করেন, তার মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় তার ছেলে রোমান মুন্সী (২৬) শুকুর মৃধাকে হাতেনাতে আটক করেন। এ সময় শুকুরের সহযোগী দিনো মোল্লা রোমানকে আঘাত করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে আশপাশের লোকজন ছুটে আসে। দিনো মোল্লা পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা শুকুর মৃধাকে আটক করে অমানুষিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে তার চোখে গুরুতর আঘাত করা হয় এবং পিটিয়ে শরীরের বিভিন্ন হাড় ভেঙে দেওয়া হয়।
শুকুর মৃধার পুত্রবধূ নিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি যদি অপরাধ করে থাকেন, তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে অমানবিকভাবে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “মারধরের শিকার শুকুর মৃধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন তার শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে গেছে এবং চোখেও প্রচণ্ড আঘাত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আতঙ্ক বিরাজ করছে। একদিকে স্থানীয় ঘের মালিকরা মাছ চুরির উপদ্রব বাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে চুরির অভিযোগে এমন পৈশাচিক নির্যাতনে সাধারণ মানুষ ক্ষুব্ধ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ