ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমাম হোসেন, লক্ষ্মীপুর : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদার মাহমুদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত সোমবার (৩০ মার্চ ২০২৬) তাকে এই অব্যাহতি প্রদান করা হয়। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও বিভক্তি দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন আক্তারের প্রভাবে ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিনকে মারধরের একটি মামলায় দিদার মাহমুদকে আসামি করা হয়। ওই মামলার বাদী মো. ফরিদ ইউনিয়ন আওয়ামী প্রজন্ম ৭১-এর সভাপতি। মামলা ও স্থানীয় রাজনীতি নিয়ে ক্ষোভ থেকে দিদার ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে গণ্য করেছে ছাত্রদল কর্তৃপক্ষ।
দিদার মাহমুদকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না স্থানীয় অনেক নেতাকর্মী। জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজিব ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "দিদারকে বহিষ্কার করা সহজ, আবিষ্কার করা কঠিন। চররমনী ইউনিয়ন ছাত্রদলে গণপদত্যাগ চলবে।" তিনি সদর থানা পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করারও জোর দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, দিদার একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হওয়া সত্ত্বেও স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতা দিদার মাহমুদের দাবি, মারামারি থামিয়ে দিলেও নয়ন আক্তারের প্রভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তবে নয়ন আক্তার এই অভিযোগ অস্বীকার করে বলেন, মারামারি বা মামলার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, মারধরের শিকার সালাহ উদ্দিন দাবি করেছেন, হামলার সময় দিদার সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁর ভাই ফরিদ বাদী হয়ে এই মামলা করেছেন।
সদর (পশ্চিম) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ জানান, সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মামলা থেকে দিদারের জামিন নিশ্চিত করতে তারা সহযোগিতা করেছেন বলেও তিনি দাবি করেন।
বর্তমানে এই ইস্যুকে কেন্দ্র করে চররমনী মোহন ইউনিয়ন ছাত্রদলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অনেক নেতাকর্মী দিদারের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ