কুলাউড়ায় পানিতে ডুবে মাদ্রাসাশিক্ষার্থীসহ একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে মাদ্রাসাশিক্ষার্থীসহ একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পহেলা বৈশাখের ঝড়ে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিকগুলি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো—শিপার আহমদের ছেলে মাদ্রাসা ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদ্রাসা ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে স্কুল ছাত্র লাবিব আহমেদ (৭)। তারা সম্পর্কে একে অপরের নিকটাত্মীয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের প্রবল বৃষ্টিতে এলাকার কৃষি জমিগুলো পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ক্ষেতে খেলতে নামে ওই তিন শিশু। খেলার ছলে তারা সম্প্রতি মাটি কেটে নিচু করা একটি গভীর গর্তে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। এক পথচারী বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রবির বাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে মধ্য ফটিকগুলি গ্রামের আকাশ-বাতাস। মরদেহগুলো বর্তমানে তাদের নিজ বাড়িতে রয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো থানায় আনা হবে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন