ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১ লিটার তেল জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১ লিটার তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঘোড়াঘাট (দিনাজপুর): সারাদেশে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ডিজেল পাচারকালে এক বিশাল চালান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধিনিষেধ অমান্য করে ড্রামে ভরে বিপুল পরিমাণ ডিজেল অন্য জেলায় পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ড্রামভর্তি ১ হাজার ৬৭১ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে 'অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন' অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত তেল স্থানীয় একটি সরকারি জিম্মায় রাখা হয়েছে এবং তেল পাচারের সাথে জড়িতদের আর্থিক জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, "জ্বালানি তেলের এই সংকটকালে কৃষকদের সেচ কাজ ও সাধারণ পরিবহনের স্বার্থে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী বা কালোবাজারি যাতে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।"

এলাকাবাসী প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, স্থানীয় ফিলিং স্টেশনগুলোতেও নিয়মিত মনিটরিং করা প্রয়োজন যাতে কৃষকরা সরাসরি পাম্প থেকে ন্যায্যমূল্যে তেল পেতে পারেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন