ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না; বরং এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আকতার হোসেনের (রংপুর ৪) এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, কতজন মানুষের কাছে কার্ড পৌঁছে দেব বা বাজেট কত, তা আমরা পর্যায়ক্রমিকভাবে সামনে নিয়ে যাব। যেহেতু প্রতি মাসে এটি সম্প্রসারণ করা হবে এবং অধিক সংখ্যক নারী ফ্যামিলি কার্ড ও পুরুষ কৃষক কার্ড পাবেন, তাই একবারে সবাইকে দেওয়া সম্ভব নয়। সেজন্য প্রতিবছর বাজেটে বরাদ্দ বাড়ানো হবে।
তিনি আরও বলেন, আমরা টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হওয়ার প্রশ্নই আসে না। বরং এই অর্থ যখন বাজারে যাবে, তখন প্রান্তিক পর্যায়ের মানুষ তা দেশের ভেতরেই ব্যয় করবেন। তারা এই টাকা বিদেশে পাচার করবেন না, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একজন নারী এই টাকা দিয়ে সন্তানের পড়াশোনা, পরিবারের খাদ্যব্যবস্থা বা ছোট ব্যবসা শুরু করতে পারেন। এতে অর্থের প্রবাহ বাড়বে। উদাহরণ হিসেবে তিনি বলেন, স্থানীয় দোকান থেকে পণ্য কিনলে দোকানির আয় বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের অধিকাংশ মানুষ স্থানীয় পণ্য ব্যবহার করে বিধায় এসব উদ্যোগ দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করবে। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর ফলে অর্থনীতি আরও সচল ও শক্তিশালী হবে। আগামী ছয় মাসের মধ্যে হয়তো বড় পরিবর্তন দেখা যাবে না, তবে তিন থেকে চার বছরের মধ্যে এর সুফল দৃশ্যমান হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ