ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত হুমায়রা বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু হুমায়রা শরীরে লালচে র্যাশ (গুটি) ও তীব্র জ্বরসহ হামের স্পষ্ট লক্ষণ নিয়ে গত মঙ্গলবার শজিমেক হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হামের রোগীদের জন্য নির্ধারিত বিশেষ আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
শজিমেক হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, "শিশুটির শরীরে হামের প্রাথমিক সব লক্ষণ বিদ্যমান ছিল। তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহের প্রয়োজন ছিল। চিকিৎসকরা নমুনা সংগ্রহের চেষ্টা করলেও শিশুটির অভিভাবকরা এতে রাজি হননি। নিয়মানুযায়ী অভিভাবকদের অনুমতি ছাড়া আমরা নমুনা সংগ্রহ করতে পারিনি।"
তিনি আরও জানান, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে কারো শরীরেই 'হাম পজিটিভ' পাওয়া যায়নি। মৃত শিশুটির ক্ষেত্রেও একই পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত হওয়া যেত।
জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় শজিমেক হাসপাতালে শিশুদের জন্য আলাদা একটি আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। বর্তমানে সেখানে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে, সারাদেশে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া জরুরি হামের টিকাদান কর্মসূচির আগেই এমন মৃত্যুর খবর স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগ থেকে শিশুদের দ্রুত টিকা কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ