আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে এক ভয়াবহ ড্রোন হামলায় এক বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল ২০২৬) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম (WAM) এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ফুজাইরাহর আল রিফা এলাকার একটি কৃষি খামারে (ফার্ম) কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তু বানায় এবং সফলভাবে ভূপাতিত করে। তবে দুর্ভাগ্যবশত, ধ্বংস হওয়া ড্রোনের বড় একটি অংশ সরাসরি ওই খামারে কর্মরত বাংলাদেশির ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ইউএই লেবার্স’ জানিয়েছে, আল রিফা এলাকার ওপর দিয়ে ওড়ার সময় ড্রোনটিকে টার্গেট করা হয়েছিল। আকাশেই এটি বিস্ফোরিত হওয়ার পর এর জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির নাম, পরিচয় বা তাঁর বিস্তারিত ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি কর্মকর্তারা এই ঘটনার পর সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের জন্য শুধুমাত্র সরকারি বিবৃতির ওপর নির্ভর করতে বলা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা অবস্থান করছেন এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আলজাজিরা ও ডব্লিউএএম।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন