দুর্গাপুরে অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

দুর্গাপুরে অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুত রাখা এসব পণ্য উদ্ধার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ পোন্ডস পাউডার, জেলবার, শ্যাম্পু, তেল ও সাবান। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুর্গাপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবাউতা এলাকার সাইফুল ইসলাম সেকুলের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। সাইফুল দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে নিজ বাড়িতে মজুত করে বাজারজাত করে আসছিলেন। অভিযানের সময় অভিযুক্ত সাইফুল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় বাড়িতে সাইফুলের স্ত্রী ও একটি ছোট শিশু সন্তানকে পাওয়া যায়। মানবিক দিক বিবেচনা করে এবং ছোট শিশুর কথা চিন্তা করে তাঁর স্ত্রীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য অনুপ্রবেশ ও চোরাচালান রোধে প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন