ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। সোমবার (৩০ মার্চ ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নতুন দায়িত্বের কথা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের রাজনৈতিক জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন এবং কোম্পানি কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
সিরাজুল হক ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন সরকারে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দলটিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তারা আশা করছেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্ব জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ