তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষ প্রার্থীর গণসংযোগ তুঙ্গে

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষ প্রার্থীর গণসংযোগ তুঙ্গে

ওয়াফিক শিপলু, বগুড়া: বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে উত্তরের এই রাজনৈতিক পুণ্যভূমি। নির্বাচনী লড়াইয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।

সোমবার (৩০ মার্চ ) বিকেলে বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ-এর নেতৃত্বে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, "বগুড়া-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা তৃণমূল পর্যায়ে দিনরাত কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায়। আমরা শতভাগ আশাবাদী, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য রায় দেবে।"

তিনি আরও যোগ করেন, ভোটারদের অধিকার নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। জনরায়ে রেজাউল করিম বাদশা বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুর রহমান সানজাদ, সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি ও মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মোহন্ত ও অমিত কুমার, প্রচার সম্পাদক জামিউল ইসলাম এবং দপ্তর সম্পাদক ফারহান সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানান। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে বর্তমানে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন