ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী

ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী

ঈদুল ফিতর উদযাপনে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ, নৌপরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে নবনির্মিত গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। বিপুল সংখ্যক এই মানুষের যাতায়াত স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হলেও প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ এবার সপরিবারে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি এখনো দুই লেনের হওয়ায় স্বাভাবিক চলাচলের জন্য এটি অত্যন্ত সরু। এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত সময়ের মধ্যে প্রশস্ত করা প্রয়োজন এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপলব্ধি করছে। এবারের সফরে রাস্তার বাস্তব অবস্থা তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেছেন উল্লেখ করে জানান, মহাসড়কটি চওড়া করার কাজ দ্রুত শুরু করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করাই এই সরকারের মূল লক্ষ্য।

গোনা সেতু উদ্বোধনের গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, এই সেতুর মাধ্যমে কেবল একটি নির্দিষ্ট এলাকার মানুষই উপকৃত হবে না, বরং বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটি দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন