ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার ন্যাটোর সদস্য দেশ তুরস্কের দোরগোড়ায় পৌঁছেছে। বুধবার (৪ মার্চ) ইরান থেকে ছোড়া একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢোকার মুখে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে ধ্বংস করেছে। বিস্তৃত হতে থাকা এই যুদ্ধে এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ সরাসরি জড়িয়ে পড়ল।
ঘটনার বিবরণ ও প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশপথ অতিক্রম করে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ভূপাতিত করা হয়। বিধ্বস্ত মিসাইলটির ধ্বংসাবশেষ তুরস্কের হাতায় প্রদেশে পড়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, হাতায় প্রদেশের কাছেই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ‘ইনসিরলিক ঘাঁটি’ অবস্থিত।
ন্যাটোর প্রতিক্রিয়া ও তুরস্কের সতর্কতা ঘটনার পরপরই ন্যাটোর এক মুখপাত্র ইরানের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সামরিক জোটটি তার প্রতিটি সদস্য দেশের পাশে দৃঢ়ভাবে আছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সব পক্ষকে সতর্ক করে বলেছে, দেশের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্বিধাহীনচিত্তে গ্রহণ করবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন।
ঘনীভূত হচ্ছে সংকট কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করলেও বর্তমান পরিস্থিতিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ন্যাটো ও মিত্র দেশগুলোর সঙ্গে তুরস্ক নিরবচ্ছিন্ন শলাপরামর্শ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ