ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং ২০২৬-এ অভাবনীয় উন্নতি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গত বছরের তুলনায় ১৪ ধাপ এগিয়ে দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এই আন্তর্জাতিক তালিকায় দেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ২০২৬ সালের এই র্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশের মধ্যে নবম।
গত বছর (২০২৫) এই তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম। এবার উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়ে বিশ্ববিদ্যালয়টি ৯ম স্থানে উঠে এসেছে। এর আগে ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টি ৮ম স্থানে থাকলেও ২০২৩, ২০২২ ও ২০২১ সালে তালিকায় ছিল না। গত তিন বছরে ধারাবাহিক উন্নতির মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করল কুবি।
সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং (এসআইআর) মূলত তিনটি প্রধান সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণ করে। এতে গবেষণার মানকে ৫০ শতাংশ, উদ্ভাবনকে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবকে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক প্রভাব সূচকে অবস্থান ৯ম, গবেষণা সূচকে ৩৬তম এবং উদ্ভাবন সূচকে ৬৮তম। গত বছর গবেষণা সূচকে কুবির অবস্থান ছিল ২৩তম, যা থেকে এ বছর বড় ধরনের অগ্রগতি হয়েছে।
সিমাগো র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বছরের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান গুরুত্বের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ