ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন 'হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সদস্য খাইরুল আমীন মাসুমের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন হৃদয়সহ সংগঠনের অন্যান্য সদস্য ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী জয়নাল আবেদীন তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “ভর্তি পরীক্ষার পর নতুন পরিবেশে এসে আমি বেশ চিন্তিত ছিলাম। বান্দরবানের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিতে অ্যাসোসিয়েশনের বড় ভাইদের অকৃত্রিম সহযোগিতা আমাকে অনেক সাহস জুগিয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার বলেন, “আজকের এই প্রোগ্রামে এসে মনে হচ্ছে আমি পরিবারের সদস্যদের মাঝেই আছি। পার্বত্য অঞ্চল থেকে যারা এখানে এসেছো, তারা এখন থেকে মাথা উঁচু করে এবং বুক ফুলিয়ে চলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে আরও বহুদূর এগিয়ে যাবে।”
সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, “ক্যাম্পাসে আমাদের সময় শেষের দিকে। এই সংগঠনের দায়িত্ব এখন নবীনদের কাঁধে। আশা করি, নবীনরা সংগঠনের আদর্শ ধারণ করে একে আরও গতিশীল করবে এবং সফলতার সাথে সংগঠনের হাল ধরবে।”
ইফতারের ঠিক আগে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ